
সিরাজুল ইসলাম : ‘এসো হে নবীন জ্ঞানের অন্বেষণে, ফিরে যাও দেশের কল্যাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি’র ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের তৃতীয় তলা হল রুমে নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লার সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তারা দেশ ও সমাজ গঠনে নিজেকে দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মোঃ মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক আবুল কালাম আজাদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আজিজুল হক মিলন, সাবেক প্রভাষক স্বপন কুমার, প্রভাষক রমেশ কুমার আগারওয়ালা, প্রভাষক শাহাদাত হোসেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী প্রিয়া আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মায়া এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রতন শেখ।
বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। এ সময় নবীনদেরকে নিয়মিত পড়াশোনা, মাদকমুক্ত জীবনযাপন ও প্রযুক্তির সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষকবৃন্দ এবং এইচএসসির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকরা।
