রাজবাড়ীতে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি : দুই ব্যবসায়ীকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজবাড়ী সদর থানা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের পেছনে অবস্থিত ‘এহসান এন্টার প্রাইজে’ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ ওয়ালিউল এহসান বিপ্লবকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, রাজবাড়ী সদর হাসপাতাল রোডের ৩ নম্বর বেরাডাঙ্গায় অবস্থিত ‘আল-বারাকা ট্রেডার্সে’ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মোঃ আশিকুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একই অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সকিবুল ইসলাম সাকিবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।