রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

স্টাফ রিপোর্টার : ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্তিম বুদ্ধিমত্তায়, আগামী পর্যটন’ এ প্রতিপাদ্যে র‌্যালিসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ীতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রশাসকের আম্র কানন থেকে শুরু করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক সোহেল রানা দেওয়ান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব সহ জেলার বিভিন্ন কলেজের রোভার স্কাউট বিএনসিসি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আজকের প্রতিপাদ্য আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর বাস্তবতার সঙ্গে গভীরভাবে সংগতিপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, ডিজিটাল প্লাটফর্ম ও স্মার্ট প্রযুক্তি ব্যবহার, পর্যটন পরিকল্পনা, ব্যবস্থাপনা বিপণন ও সেবা প্রদানের প্রচলিত ধারণাকে বদলে দিয়ে উন্মোচন করেছে সম্ভাবনার নতুন দিগন্ত।
তারা আরও বলেন, পর্যটন গন্তব্য কেবল দেখার স্থান হিসেবে নয় বরং নতুন ভাবে কল্পিত, নির্মিত, অনুভূত ও বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়ার সজীব অভিজ্ঞতায় রূপান্তরিত হচ্ছে।