রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের অম্রকানন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। র‌্যালিটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এবং কুষ্টিয়া আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কুদরত-ই-গুল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল সহ জেলার কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, আবু দাইয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ চমৎকার একটি শিরোনামে এ বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত হচ্ছে। রাজবাড়ীতে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে প্রবীণদের বসার ব্যবস্থাসহ বিশেষ সিরিয়ালের ব্যবস্থা করে সেবা প্রদানের আহ্বান প্রবীণদের।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যকালীন নিরাপত্তা, চিকিৎসা সেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা অজয় কুমার হালদার।
উল্লেখ্য, প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।