Oplus_131072

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে না পেয়ে তার পরিত্যক্ত বাড়ির দুটি ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন জানান, দুর্বৃত্তরা পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে তাকে ডেকে নেওয়ার চেষ্টা করে। তবে তাকে না পেয়ে পরে তার পরিত্যক্ত বাড়ির দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘর দুটির বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগীর দাবি, অগ্নিকাণ্ডে তার প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। তবে সেখানে কোনো দুর্বৃত্তকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
