অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন : ডিসি : রাজবাড়ী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হান্নানের বিরুদ্ধে ৪৯ মাস্টার রোল কর্মচারীর কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় বদলির পর হাসপাতালের অস্থায়ী (মাস্টার রোল) কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। তত্ত্বাবধায়কের বিরুদ্ধে সরকারি চাকরিতে স্থায়ী করার আশ্বাস দিয়ে কর্মচারীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। তার বিরুদ্ধে হাসপাতালে মালামাল সরবরাহকারী ঠিকাদারের নিকট অর্থদাবীর অভিযোগ রয়েছে।
তার বদলীর খবরে রাজবাড়ী সদর হাসপাতালে কর্মরত ৪৯ জন অস্থায়ী কর্মচারীর মধ্যে এ নিয়ে আলোচনা ও অসন্তোষের সৃষ্টি হয় বলে জানা গেছে।
কর্মচারীদের অভিযোগ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বিভিন্ন সময়ে তাদের সরকারি চাকরিতে স্থায়ী করার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করেছেন। এদিকে, রাজবাড়ী শহরের বড়পুল এলাকার আরোগ্য ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা প্রথমে রাজবাড়ী শহরের বড়পুল এলাকার আরোগ্য ক্লিনিকে যান। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে অপারেশন থিয়েটারসহ ক্লিনিকের বিভিন্ন বিষয় ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করেন। পরে ক্লিনিকের মালিক, কর্মচারী এবং ওই দিন অপারেশন থিয়েটারে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি নিহত সোমা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক শাহানা পারভীন বলেন, দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক প্রতিবেদন জমা দেওয়া হবে। ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সোমা আক্তার গত ২২ সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য আরোগ্য ক্লিনিকে ভর্তি হন। সেখানে তাঁর সিজারিয়ান অপারেশন করেন রাজবাড়ী সদর হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। অ্যানেসথেসিয়া দেন ডা. জিয়াউল আহসান। অপারেশনের পর সোমার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী হাসপাতালের সদ্য বদলীকৃত তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ঘুষ দাবী সহ এসব কাজে জড়িত নয় বলে দাবী করেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, এ ধরণের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।