গোয়ালন্দে গার্মেন্সকর্মীকে শ^াসরোধে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সোহেল রানা : ঢাকার সাভারের গার্মেন্সকর্মী হাসনা বেগম (৩৬) কে রাজবাড়ীর গোয়ালন্দে শ^াসরোধে হত্যার অভিযোগে মোঃ আলমাস বেপারী নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। মোঃ আলমাস বেপারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পূর্ব উজানচর হাজী গফুর মন্ডল পাড়ার মাহাম বেপারীর ছেলে।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে দণ্ডিত আসামী আদালতে উপস্থিত ছিল না।
মামলা সুত্রে জানাগেছে, হাছনা বেগম (৩৬) সাভারের আল-মুসলিম গ্রুপ গার্মেন্টেসে অপারেটর হিসাবে কাজ করতো। গত ২০১৯ সালের ০৮ সেপ্টেম্বর সকাল বেলা গার্মেন্টেসের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হয়ে যায়। সন্ধ্যা বেলায় বাসায় ফেরত না আসায় আত্মীয়-স্বজন বাড়ীতে খোঁজাখুজি করে। কর্মস্থলে গিয়ে জানতে পারে বিকাল ৫টায় গার্মেন্সের কাজ শেষ করে বের হয়। ২০১৯ সালের ০৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬ টার সময় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে, বাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার হাবিল মন্ডল পাড়া অনুর বাড়ীর দক্ষিণ পাশে কালভার্ট সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পাশের ঢালে উপর অবস্থায় হাছনা বেগমের মরদেহ পড়ে আছে। তাকে উড়না দিয়ে গলায় পেচ দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে রংপুর জেলার বদরগঞ্জ থানার লিশা হাজিপুর গ্রামের মোঃ মিজানুর রহমান ও নিহত হাছনা বেগমের ছেলে মোঃ হাসান আলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করে আলমাসের বিরুদ্ধে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, আসামী মোঃ আলমাস বেপারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসামী মোঃ আলমাস বেপারী পলাতক রয়েছে।