
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ-২০২৬ উপলক্ষে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযান চালিয়ে ৫ শত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৯০ টি চায়না দুয়ারি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
নৌপুলিশ ও উপজেলা মৎস্য অফিসের সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পদ্মা নদীর মুন্সিবাজার, কুশিহাটা, লঞ্চ টার্মিনাল এর বিপরীতে পদ্মা নদীতে ও তীরবর্তী স্থান থেকে সর্বমোট ৯০ টি চায়না দুয়ারী ( প্রায় ২৭০০ মিটার) এবং ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার কৃত জালের বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উদ্ধারকৃত জাল ও দুয়ারী পুড়িয়ে ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদী থেকে ক্ষতিকর চায়না দুয়াড়ি জাল জব্দ করার পর তা নিয়ম অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জলজ প্রাণীর নিরাপদ বংশবৃদ্ধির স্বার্থে নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগ ও নৌপুলিশের এমন যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, পদ্মা নদীতে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তাছাড়া ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ এই ব্যাপারে তাদেরকে সচেতন করা হয়েছে।
