
বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক বৃত্তি অর্জনে শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে সেমিনার করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষ-২২৭-এ ‘রেডি টু ফ্লাই উইথ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপস: আনলক গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন ইউরোপীয় কমিশনের আওতাধীন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস কর্মসূচির এশিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক এবং ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. আশিকুর রহমান। আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি বিস্তারিত আলোচনা করেন। যেখানে উঠে আসে ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং নির্বাচনের বিভিন্ন ধাপ সম্পর্কে।
