বালিয়াকান্দিতে বাড়িঘরে আগুন ও হত্যার হুমকির অভিযোগ

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া এলাকায় বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ চাদ আলী শেখ (২৮) নামে এক ব্যক্তি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বহরপুর ইউনিয়নের ভর-রামদিয়া এলাকার রবিউল ইসলাম (৩৩), তাঁর বাবা আবু বককর শেখ (৬০) ও ঝর্না বেগম (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে চাঁদ আলী শেখ নিজ বসতবাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ঝর্না বেগম ঘরের পাশে দাঁড়িয়ে কথোপকথন শোনার চেষ্টা ও উঁকি দিচ্ছিলেন বলে অভিযোগে দাবি করা হয়। বিষয়টি নিয়ে তাঁকে সেখানে না দাঁড়িয়ে বাড়ির ভেতরে যেতে অথবা সেখান থেকে চলে যেতে বললে তিনি নিজ বাড়িতে চলে যান এবং চাঁদ আলী শেখকে গালিগালাজ করেন বলে অভিযোগকারীর দাবি।
চাঁদ আলী শেখ অভিযোগে আরও উল্লেখ করেন, বিষয়টি রবিউল ইসলাম ও আবু বককর শেখকে জানানো হলে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগকারীর দাবি, ঘটনার সময় রবিউল ইসলাম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে তিনি মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেন। ওই কথোপকথনের রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চাঁদ আলী শেখ আরও দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর সামাজিক ও রাজনৈতিক বিরোধ রয়েছে। তবে অভিযোগে উল্লেখ করা অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার দাবিগুলোর স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চাঁদ আলী শেখ বলেন, হুমকির পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছেন বলে তিনি দাবি করেন।
এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।