
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় মরা পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ কাজে উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সরেজমিনে গিয়ে ওই এলাকায় একটি ড্রেজার চালু থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, হাবি নামের এক ব্যক্তি ড্রেজারটি পরিচালনা করছেন। তবে ড্রেজার পরিচালনার অনুমতি রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, নদী থেকে এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিতে পারে। ইতোমধ্যে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কেউ প্রতিবাদ করলে মামলা ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তারা।
স্থানীয় একাধিক নারী বলেন, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকলেও ড্রেজার মেশিনের বিকট শব্দে ঘুমানো যায় না। দীর্ঘ সময় ধরে মেশিন চলায় শিশু ও বয়স্কদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় নদীভাঙনের কবলে পড়তে পারে বসতবাড়ি ও আবাদি জমি।
স্থানীয়রা আরও বলেন, নদী ও ভিটেমাটি রক্ষায় অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। পাশাপাশি বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
হাবিবুর রহমান মুঠোফোনে জানান, তিনদিন ধরে বালু কাটছি। একজন গরিব মানুষ বাড়ি করবে বিধায় তার গর্তটি ভরা হচ্ছে। প্রশাসনের কোন অনুমোদন নেই।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, উপজেলা প্রশাসন থেকে ড্রেজার চালানোর কোন অনুমোদন দেয়া হয়নি। বিষয়টি আমি শুনেছি, অবৈধভাবে কোন রকম বালু উত্তোলনের সুযোগ নেই। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
