কালুখালীর মদাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল কবির কুন্নুর মোটর শোভাযাত্রা

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে
oppo_2

ফজলুল হক : আসন্ন ৫নং মদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ওবাইদুল কবির (কুন্নু)। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় তাঁর উদ্যোগে মদাপুর বাজার থেকে একটি নির্বাচনী মোটরশোভাযাত্রা বের করা হয়।
ওবাইদুল কবির (কুন্নু) কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা দলের জন্য ত্যাগ-তিতিক্ষা, হামলা-মামলা ও জেল-জুলুমসহ নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান। এসব ত্যাগের কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মোটরশোভাযাত্রাটি মদাপুর বাজার থেকে শুরু হয়ে মদাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে ইউনিয়নের শারদীয় দুর্গোৎসবের১৩টি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের আনন্দ উদ্দীপনের মধ্য দিয়ে পূজা অর্চনা করারকথা বলেন। এ সময় তাঁর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ওবাইদুল কবির কুন্নু বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের জন্য কাজ করেছি। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেও দলের আদর্শ থেকে সরে যাইনি। আমি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। মনোনয়ন পেলে মদাপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, তাঁর রাজনীতির মূল লক্ষ্য মানুষের সেবা করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখা। দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে মদাপুর ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করেন।