দৌলতদিয়া পোড়াভিটার ১২ মামলার আসামি শীর্ষ মাদকসম্রাজ্ঞী রোজিসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

 

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের এক যৌথ অভিযানে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত আব্দুল গনির মেয়ে ১২ মাদক মামলার আসামী মোছাঃ রোজি বেগম (৫০), মৃত আইয়ুব ফকিরের মেয়ে নিশি আক্তার (৪২) এবং উত্তর দৌলতদিয়া বাজার এলাকার মোসলেম আলী মোল্লার ছেলে আখের আলী (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশ যৌথভাবে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই তিনজনকে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মঙ্গলবার (৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রোজি বেগম দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা ও আশপাশের এলাকায় সক্রিয়ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর আগেও তিনি একাধিকবার বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বর্তমানে বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে অন্তত ১২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।