দৌলতদিয়া পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ ২২ ঘন্টা পর উদ্ধার

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নং ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু নূর আমিন (৮) মরদেহ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। নূর আমিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার সময় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, এরআগে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে ভেসে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের লোকজন গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে এবং শনিবার সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় দৌলতদিয়া ও আরিচা অঞ্চলের দুটি দলই উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করে। বেল ১১ টার দিকে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের কাছাকাছি তার লাশ পাওয়া যায়।
দৌলতদিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, শুক্রবার নিখোঁজ শিশুটি শনিবার বেলা ১১ টার দিকে উদ্ধার করে ডুবুরি দল। শিশুটির বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আরিচার টিম লিডার জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ৭ সদস্যের ডুবুরি দল কাজ করে। পরে নিখোঁজের ২২ ঘন্টা পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান আছে।