
সিরাজুল ইসলাম : জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাশ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (৫ আগষ্ট) বিকাল ৩টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন উপজেলা সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস প্রমূখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ, সাহস ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
