
মোঃ শাখাওয়াত হোসেন সোহান : তরুণ প্রজন্মকে বিভিন্ন সামাজিক ব্যাধি ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ উপস্থিত থেকে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
ওসি উত্তম কুমার ঘোষ তাঁর বক্তব্যে বাল্যবিবাহের কুফল, মাদকের ভয়াবহতা এবং ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় তুলে ধরেন। এছাড়া বর্তমান সময়ে আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া অনলাইন জুয়া এবং বিকাশ সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আর্থিক প্রতারণার ফাঁদ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধের মুখোমুখি হলে ভয় না পেয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষকগণ পুলিশের এই সামাজিক ও ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর মাধ্যমে ছাত্রীদের মধ্যে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
