রাজবাড়ীতে ড্রেনের পর এবার কবরস্থান পরিস্কারে ছাত্রদল নেতা রোমান

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

রুবেলুর রহমান : প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন ও মানবিক মূল্যবোধের জায়গা থেকে পৌরসভার ড্রেন ও ময়লার স্তুুপ পরিস্কারের পর এবার কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদল নেতা রোমান সহ স্থানীয়রা।
সোমবার (৩ আগষ্ট) সকালে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র প্রার্থী আরিফুল ইসলাম রোমানের উদ্যোগে ও আশিক ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন বাজার ১ নং পৌর কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নের কাজ শুরু করা হয়। এ সময় শ্রমিকরা কবরস্থানের ঘাস, লতাপাতা ও আগাছা কেটে নতুন-পুরাতন কবর ও যাতায়াতের জায়গা পরিস্কার করা সহ কবরের নড়বড়ে বেড়া ঠিক করেন। এদিকে কবরস্থান পরিস্কারের এমন ব্যতিক্রমী মানবিক উদ্দ্যোগ দেখে উদ্দ্যোক্তা রোমানকে ধন্যবাদ জানিয়েছেন পৌরসভার সাবেক কাউন্সিলর সহ স্থানীয়রা।
সাবেক কাউন্সিলর মিজানুর রহমান সহ স্থানীয়রা বলেন, সমাজে অনেক ধরনের মানুষ বসবাস করলেও মানবিকতা সবার মধ্যে থাকে না, যা রোমানের মধ্যে আছে। পৌরসভার এ কবরস্থানটি লতাপাতা ও আগাছায় পরিপূর্ণ হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু এ কবরস্থান আমাদের সর্বশেষ আশ্রয়স্থল। রোমান আজ একটি মহৎ কাজ করছেন। এখানে আমাদের দাদা-দাদি, বাবা-মা সহ অনেক নিকট আত্মীয়-স্বজন শুয়ে রয়েছে। সবার উচিত রোমানের পাশে থেকে সহযোগিতা করা। এছাড়া এরআগে সে পৌরসভার প্রায় প্রতিটি এলাকার ড্রেন ও ময়লার স্তুপ পরিস্কার করা সহ অনেক মানবিক কাজ করতে দেখা গেছে।
উদ্দ্যোক্তা আরিফুল ইসলাম রোমান বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কবরস্থান পরিস্কারের কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য কবরস্থানসহ নাগরিক সুবিধা নিশ্চিতকরণে মানবিক কাজ করে যাবেন।