বালিয়াকান্দিতে মাহেন্দ্র চালককে মারধর ॥ হত্যার হুমকি

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা ব্যবসায় জড়ানোর জন্য চাপ দেওয়ার পর মোঃ বিল্লাল হোসেন (৩৫) নামে এক মাহেন্দ্র চালককে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে গাড়ি চালানো শেষে উপজেলার বহরপুর বাজারের গফফার মার্কেটের একটি টিভি-ফ্রিজ মেরামতের দোকানে যান বিল্লাল। এ সময় মোঃ আকাশ শেখ (৩৫) ও মোঃ মিন্টু বিশ্বাস (৩৬) তার কাছে এসে ‘হান্নান’ নামে এক ব্যক্তিকে ফোন দিতে বলেন। বিল্লাল ফোন দিতে রাজি না হওয়ায় তারা দোকানের ভেতরে তাকে চর-থাপ্পড়, কিল-ঘুষি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে বিল্লাল তার বাবাকে ফোন করলে অভিযুক্তরা তাকে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত হওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হলে তাকে হত্যা করে গাড়িসহ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। উপস্থিত লোকজন তাদের বাঁধা দিলে তাদেরও হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
বিল্লাল হোসেনের দাবি, তিনি বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কে মাহিন্দ্র চালান। অভিযুক্তরা মাদক ব্যবসা ও দাঙ্গাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগে দাবি করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বিল্লাল হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।