পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মতিন বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে।
গত সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কসবামাজাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এসআই মোঃ শামীম হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে কসবামাজাইল বাজার এলাকার মোঃ মনোয়ার খানের মুদি দোকানের সামনে মতিন বিশ্বাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৪ গ্রাম এবং বাজারমূল্য ৩১ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় পাংশা থানার এসআই মোঃ শামীম হাসান বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তার মতিন বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও মারামারির অভিযোগে মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।