
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার পদের স্বেচ্ছাসেবী নিয়োগ পরীক্ষা অবৈধ দাবি করে সদ্য বদলিকৃত ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুর ১২ টায় বিএনপির একাংশ এ সমাবেশের আয়োজন করে। মিছিলে ঝাড়ু নিয়ে মহিলা সহ অন্যান্য লোকজন অংশ গ্রহণ করে। গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউল হুদা উজ্জ্বল, পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান লালটু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুক্তার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, ছাত্র নেতা মেহেদী নাসিম প্রমূখ।
বক্তারা বলেন, ইউএনও সাথী দাস গোয়ালন্দে যোগদানের পর থেকেই তিনি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার পদের স্বেচ্ছাসেবী নিয়োগ পরীক্ষা সেদিন রাত বারোটা পর্যন্ত নিয়েছেন যা আইন পরিপন্থী। এখানে সুপরিকল্পিত ভাবে তিনি এবং সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দিয়েছে। এ নিয়োগ আমরা মানি না। অবিলম্বে এ নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ দিতে হবে। এছাড়া খাল খনন কর্মসূচীর নয় লক্ষ টাকা ফেরত দিয়েছেন, কিন্তু কাজের ব্যয়ের হিসাব দেন নাই। সমাবেশে তার বিচার দাবি করে অবিলম্বে এ নিয়োগ বাতিল করার আহ্বান জানান।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, তারা নিয়োগের জন্য একটি তালিকা পাঠায়, সেই তালিকা অনুযায়ী নিয়োগ না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে মনগড়া মিথ্যা কথা বলছে। তালিকা করা হয়েছে দক্ষতার ভিত্তিতে।
