উচ্চতর প্রশিক্ষণে চীনের পথে রাজবাড়ী অ্যাক্রোবেটিক্স কেন্দ্রের ২০ প্রশিক্ষণার্থী

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

আদম আলী : উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে চীনের পথে যাত্রা করেছেন রাজবাড়ী অ্যাক্রোবেটিক্স প্রশিক্ষণ কেন্দ্রের ২০ জন প্রশিক্ষণার্থী।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি প্রশিক্ষণার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক কৌশল ও অভিজ্ঞতা অর্জন করে দেশে অ্যাক্রোবেটিক্স চর্চার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের দুই প্রতিনিধি উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
এর আগে একই দিন সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থী ও তাদের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, রাজবাড়ী অ্যাক্রোবেটিক্স প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের একমাত্র সরকারি অ্যাক্রোবেটিক্স প্রশিক্ষণ কেন্দ্র। ১৯৯৫ সালে কেন্দ্রটির যাত্রা শুরু হয়। চীনে উচ্চতর প্রশিক্ষণ শেষে দেশে ফিরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা দেশের অ্যাক্রোবেটিক্স চর্চাকে আরও সমৃদ্ধ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।