দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

সিরাজুল ইসলাম : দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপপ্রচার ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে কঠোর প্রতিরোধের ঘোষণা দেন। পাশাপাশি সম্প্রতি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টদাতাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ মোশা, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজি, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল সরদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।