পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশার মৈশালা বাসষ্ট্যান্ডে সাংবাদিক আকাশ মাহমুদকে মারধর করার মামলায় বিশু সরদার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশু পাংশার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।
যাত্রী হয়রানীকে কেন্দ্র করে গত ২৫ জুলাই সন্ধ্যার কিছু সময় আগে পাংশা মৈশালা বাসষ্ট্যান্ডে অটো ড্রাইভারদের সাথে কিছু লোকজনের কথা কাটাকাটি ও পরবর্তিতে মারামারি শুরু হয়। এ সময় কালের কণ্ঠ পত্রিকার (মাল্টিমিয়া) রাজবাড়ী জেলা প্রতিনিধি সাংবাদিক আকাশ মাহমুদ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মারামারির চিত্র তার মোবাইল ফোনে ধারণ করতে গেলে অটো ড্রাইভাররা লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় আকাশ মাহমুদের মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলাকারিরা তার পত্রিকার পরিচয়পত্রটিও ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গত ২৬ জুলাই পাংশা মডেল থানায় আকাশ মাহমুদ বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ৪-৫ জনের নামে মামলা দায়ের করে। ওই মামলায় আসামী বিশু সরদারকে গ্রেপ্তার করে। তাকে বুধবার (৫ আগষ্ট) রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভিডিও দেখে আসামী সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।