সাওরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন বিএনপি নেতা বাদল

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ফজলুল হক / রাকিবুল ইসলাম : রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুল আলাম বাদল।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাওরাইল ইউনিয়নের ফুলতলা বাজারে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
মাহবুল আলাম বাদল সাওরাইল ইউনিয়নের চাঁদ আলী মন্ডলের ছেলে। উঠান বৈঠকে স্থানীয় জনগণ, বাজারের ব্যবসায়ী, দোকানদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন।
বক্তব্যে মাহবুল আলাম বাদল বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যদি আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাওরাইল ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সাওরাইল ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বিকয়া পুলিশ ক্যাম্প পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করব। জনগণের সেবা ও এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যেই কাজ করতে চাই। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা পেলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সাওরাইল ইউনিয়ন গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন মজিবর রহমান, কামরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হালিম মেম্বার, আবদুর রশিদ, মোঃ করিম ও মোঃ মানিক মন্ডলসহ স্থানীয় এলাকাবাসী, ফুলতলা বাজারের ব্যবসায়ী, দোকানদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে উপস্থিত স্থানীয়রা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় মাহবুল আলাম বাদল এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।