
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, রাজবাড়ী জেলা পরিষদ প্রথম শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেছে। এটা একটি নবদিগন্ত, যুব সমাজকে সামনের দিকে নিয়ে যাওয়ার একটি অধ্যায়। আমরা উত্তরাধিকার থেকে পেয়েছি ৪০ শতাংশ যুবক কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়। ফ্যাসিস্ট সরকার তাদের জন্য কোন উদ্যোগ নেয়নি। বেকার তৈরীর কারখানায় পরিনত করেছে পুরো দেশকে। লুটপাট-পাচারের পাশাপাশি জাতিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার একটি নীল নকশা তৈরী করে গেছে। আমরা সেখান থেকে উত্তোরণের জন্য কাজ করছি। রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে রাজবাড়ী জেলা পরিষদ আয়োজিত ৯১জন কৃতি শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক প্রধান অতিথি হিসেবে তুলেদেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী হুমায়ন কবির প্রমুখ।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র রেখে গেছে। সেখান থেকে উত্তোরণের জন্য আমরা কাজ শুরু করেছি। এরই মধ্যে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র শুরু করেছে। এসকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এখানে জাতিগত বিরোধ সৃষ্টি করতে উগ্র-মৌলবাদ দেখতে পাচ্ছি। এসকল বিষয় মোকাবেলা করেই আমরা সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।
