বালিয়াকান্দির নতুনচর-আবাসন সড়ক ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর এলাকায় যাতায়াতের প্রধান সড়কটি তীব্র ভাঙনের মুখে পড়ায় স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত চরম দুর্ভোগে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বহরপুর ইউনিয়নের নতুনচর থেকে আবাসনের সড়ক ভাঙন রোধে নিজ অর্থায়নে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরিদ আহমেদ আশিক।
উদ্বোধনকালে তিনি বলেন, নতুনচর ও আবাসনের এ জনবহুল সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া সামনে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় ছোট ছোট কোমলমতি শিশুরা নিয়মিত এ পথ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সাম্প্রতিক বৃষ্টি ও ভাঙনের কারণে সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় সাময়িকভাবে যাতায়াত উপযোগী করার জন্য বালুভর্তি জিও ব্যাগ দিয়ে এ সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে এ সড়কে স্থায়ী প্রতিরক্ষামূলক প্লাইসাইটিং ওয়াল (পাকা দেয়াল) নির্মাণের দাবি জানান। যাতে এলাকার মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।