পদ্মায় পানি বৃদ্ধি তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মেহেদী হাসান : পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত তৈরি হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। এতে মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিগুলো ঘাটে ভীড়তে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আবার কখনো কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিগুলো ভেসে যাচ্ছে মাইলের পর মাইল। আতঙ্কিত এ নৌরুটের যাত্রীরা। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে, জরুরী নির্দেশনার ভিত্তিতে দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুুত রাখা হয়েছে একটি আইটি জাহাজ। ফেরি চলাচলে বিশেষভাবে সর্তক থাকার আহব্বান জানানো হয়েছে।
জানাগেছে, গত শুক্রবার রাতে দৌলতদিয়ার চার নম্বর ঘাটে ভীড়তে গিয়ে বিকল হয়ে পড়ে বড় একটি ফেরি। এ সময় স্রোতের টানে ফেরির জোরালো ধাক্কায় ভেঙ্গে চুরমার হয়ে যায় পাঁচ নম্বর ঘাটের পন্টুনের একাংশ। হুড়োহুড়ি আর দৌড়াদৌড়ি করে ফেরি থেকে নামেন যাত্রীরা। দৌলতদিয়া ঘাটের এ চিত্র এখন প্রতিদিনের। এরআগে গত বুধবার ঘাটে ভীড়তে গিয়ে ফেরি আমানত শাহ দুর্বলতার কারণে ভেসে চলে যায় কয়েক কিলোমিটার। চার ঘন্টা পর উদ্ধা করা হয় বিআইডব্লিউটিসির আইটি জাহাজ দিয়ে।
স্থানীয়রা বলেন, এভাবে চলতে থাকলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এখনই কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণ করা উচিত।
যাত্রীরা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি আর দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। এতে রয়েছে ঘাট কর্তৃপক্ষের অবহেলা আর গাফিলতি। নিরাপদ নৌরুট যাত্রার জন্য উন্নতমানের ফেরি অথবা দ্বিতীয় পদ্মা সেতু দাবি করেছেন তারা।
ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের চালক (মাস্টার) বলেন, স্রোতের কারণে আগের তুলনায় সময় লাগছে দ্বিগুন। আবার তীব্র স্রোত ও ঘুর্ননের কারণে ফেরি দাড় করাতে গিয়ে বিকল হচ্ছে ফেরির যন্ত্রাংশ। অনেকটা কষ্ট করেই ফেরিগুলোকে চালাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, তীব্র স্রোতের ফেরিগুলোকে সর্তকতার সাথে পরিচালনা করতে হচ্ছে। এছাড়া যদি কোন ফেরি ভেসে যায় তাকে উদ্ধার করার জন্য আইটি জাহাজ ও মেরিন টিম প্রস্তুুত রাখা হয়েছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সর্তকতা জারি করা হয়েছে।
এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর অপর ঘাট জৌকুড়া নাজিরগঞ্জ নৌরুটের গত ৬ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে ।