পাংশায় নাগরিকগণের সাথে উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশায় নাগরিকগণের সাথে এক উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ইউনিয়নে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইউনিয়নের নাগরিকগণের সাথে এক উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সাংসদ মোঃ হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (২), পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ইউনিয়ন পর্যায়ে সরকারের উন্নয়ন পদক্ষেপসমূহ সকলকে জানান। কলিমহর ইউনিয়নের কি কি সমস্যা আছে সেগুলো তিনি শোনেন এবং সংসদ সদস্য’র সহযোগিতায় উপজেলা প্রশাসনকে সেগুলো সমাধানের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রকল্প গ্রহণ ও নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন এবং কোনো প্রকার পক্ষপাতিত্ব ব্যতীত ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্পাদনে কঠোর নির্দেশনা প্রদান করেছেন।