
নিজস্ব প্রতিবেদক | ঢাকা : রাজধানীর বসুন্ধরায় বসছে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক জমকালো হাট। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আয়োজিত হতে যাচ্ছে ‘সুপার সেল কার বাজার’।
দেশের অটোমোবাইল খাতকে আরও গতিশীল করতে এবং ক্রেতা, বিক্রেতা ও ব্যাংক-আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতেই এই উদ্যোগ।
গতকাল আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান উইজার্ড শোবিজ ও ভেন্যু পার্টনার আইসিসিবি যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
আয়োজকরা জানান, দেশের বাজারে গাড়ি ও মোটরসাইকেলের চাহিদা দিন দিন বাড়লেও ক্রেতা ও বিক্রেতাদের জন্য কোনো নির্ভরযোগ্য বা সুশৃঙ্খল স্থায়ী মার্কেটপ্লেস ছিল না। ‘সুপার সেল কার বাজার’ সেই অভাব দূর করবে।
এখানে এসে ক্রেতারা একই ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত (সেকেন্ড হ্যান্ড) গাড়ি এবং মোটরসাইকেল দেখার, তুলনা করার ও কেনার সুযোগ পাবেন। শুধু তা-ই নয়, ব্যক্তিমালিকানাধীন গাড়িও সরাসরি এখানে বিশেষ ছাড়ে কেনাবেচা করা যাবে।
কেনাকাটা সহজ করতে এই হাটে উপস্থিত থাকবে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে গাড়ি পছন্দ হওয়ার পর ক্রেতারা অন-স্পটই বিভিন্ন ব্যাংক ঋণ ও আর্থিক সুবিধা সম্পর্কে জানতে ও আবেদন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত অটোমোবাইল বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরাও এই সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন এবং এটি দেশের অটোমোবাইল খাতে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন।
