বালিয়াকান্দিতে সাপের কামড়ে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু : মা আইসিইউতে

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চাপলবাবা গ্রামের আরিফা (১১) নামে এক শিক্ষার্থীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সে অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ও চাপলবাঘা গ্রামের আলিফ মোল্লার মেয়ে। বিষধর সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ভোররাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হয় আরিফা ও তার মা। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় আরিফার মৃত্যু হয়। তার মা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরিফার মৃত্যুতে অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, গতকালও যাকে শ্রেণিকক্ষে পাঠদান করিয়েছি, হাসি-খুশি সেই নিষ্পাপ মেয়েটি আজ আমাদের মাঝে নেই এই করুণ মৃত্যু সত্যিই মেনে নেওয়ার মতো নয়।
শোকবার্তায় আরও বলা হয়, মহান রাব্বুল আলামিন যেন নিষ্পাপ শিক্ষার্থী আরিফাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার মাকে দ্রুত সুস্থতা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য আল্লাহ তাআলা ধৈর্য ও শক্তি দান করুন এই দোয়া করা হয়।
অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমা আরিফার রুহের মাগফিরাত কামনা এবং তার অসুস্থ মায়ের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।