গোয়ালন্দে আক্কাস আলী হাইস্কুল ৩৩ শিক্ষার্থীর মধ্যে পাশ ১জন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৬ পরীক্ষায় অংশ নেওয়া ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী।
এ বিদ্যালয়ে চরম ফলাফল বিপর্যয়ের পাশাপাশি শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ ১০ জন শিক্ষক রয়েছে তার পাশাপাশি পরিছন্নতাকর্মী, অফিস সহায়ক, আয়া, নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মী সহ মোট ১৬ জন স্টাফ কর্মরত থাকার পরেও পরীক্ষায় এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয়দের মতে, এই বিদ্যালয়টিতে শিক্ষার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে এই বিদ্যালয়টিতে কোন ছাত্র-ছাত্রী ভর্তি হবে না।আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এই বিদ্যালয়টি পড়ে ভালো রেজাল্ট করুক সারা দেশে সুনাম ছড়িয়ে পড়ুক।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টেস্ট পরীক্ষায় মাত্র ৭ থেকে ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এমপিও সুবিধা বজায় রাখতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করানো বাধ্যতামূলক হওয়ায় শেষ পর্যন্ত ৩৩ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, ফলাফল বিপর্যয়ের বিষয়ে অভিভাবকদের বারবার বিদ্যালয়ে ডাকা হলেও অধিকাংশই অভিভাবকই স্কুলে আসেননি এবং শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে তেমন খোঁজ খবর রাখেননি। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে না আসা, শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ও টিকটকে আসক্তিও ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস জানান, ফলাফল পর্যালোচনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা জানান, এ ধরনের ফলাফল কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমন ফলাফল বিপর্যয়ের কারণ জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ডাকা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।