
বাসস : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজকে নতুন সভ্যতার মূল ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’।
প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ চলমান নতুন ইকোসিস্টেমে প্রতিদিন যে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতায় তা মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের কর্তব্য।” তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির বিকাশ যেমন মানবজাতির জন্য আশীর্বাদ, তেমনি তা নতুন সব জটিলতাও বয়ে এনেছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য যেমন এক বড় আশীর্বাদ, তেমনি এটি নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামীকালের পরিস্থিতি কী দাঁড়াবে তা আগে থেকে ধারণা করা মুশকিল।”
তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জ্ঞানের পরিবর্তনশীলতার ওপর গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে, বর্তমান সময়ে জ্ঞান কোনো স্থির বিষয় নয়। তিনি মনে করেন, নতুন ইকোসিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার সহজাত ক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি বিদ্যমান। কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো চিরাচরিত সমস্যার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। বিশেষ করে জাতিসংঘসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে তরুণদের দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়ায় মূল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রমাণ করেছেন যে তিনি তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন।” তিনি জানান, প্রধানমন্ত্রী তরুণদের সক্ষমতার ওপর ভিত্তি করে ক্রীড়া, সৃজনশীলতা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় নানাবিধ ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, তরুণ উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
