রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পৃথক ৩টি দুঘর্টনায় একজন নিহত : আহত-১২

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পৃথক ৩টি দুঘর্টনা ঘটেছে। এতে একজন নিহত, একটি গরুর মৃত্যুসহ অন্তত ১২জন আহত হয়েছে। পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত নজরুল ইসলামের বাড়ি বরিশালের আগলছাড়া এলাকায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড়ে বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাবার (ছাল) বোঝাই একটি ট্রাক এসে কাঠ বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের সময় ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।
দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী চাঁদপুর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একটি গরু মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গরু বোঝাই একটি ট্রাক আরিচার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কুষ্টিয়াগামী ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্যদিকে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় ট্রাক ও গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদেরকে কালুখালী ও পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস (৪০), জান্নাতুল (৫০), কুমারখালীর বিপ্লব (২৯), শামীম (৩৫), হরিপুরের উজ্জ্বল (৩২), জুলিয়ার আলমগীর (৪৪), পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) এবং ঝিনাইদহ জেলার শৈলকুপার মাসুদ রানা (৪০)। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘সকালে পাংশা কলেজ মোড় সংলগ্ন পাইকারা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। অপর দুটি দুর্ঘটনার ঘটনাস্থলেও আমাদের টিম রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, পৃথক ৩টি সড়কে পৃথক ৩টি দুঘর্টনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১০-১২ জন আহত হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, বৃষ্টি হলেই এ সড়কে দুঘর্টনা বৃদ্ধি পায়। সড়ক পিচ্ছিল হওয়ার কারণে এ দুঘর্টনার মূল কারণ বলে চালকরা জানিয়েছেন।