
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে একটি সংগঠনের সদস্যদের তিন হাজার ব্যাগ রক্তদান উপলক্ষ্যে ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত তেঁতুলিয়া ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি ফুটবল মাঠে এ আয়োজন করে সূর্যতরী সমাজকল্যাণ সংগঠন ও তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি।
খেলা শুরুর আগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বহরপুর ইউনিয়নের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ফাইনালের এ জমজমাট ম্যাচে স্থানীয় উপজেলার তেঁতুলিয়া বড়বাড়ি স্পোর্টিং ক্লাব ও খোর্দ্দরামদিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে বড়বাড়ি স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সূর্যতরী সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাহাদাত খান বলেন, মাদক-বিরোধী সচেতনতা তৈরি এবং সূর্যতরী সমাজকল্যাণ সংগঠনের তিন হাজার ব্যাগ রক্তদান উপলক্ষে এই প্রিমিয়ার লীগের আয়োজন। উপজেলার ছয়টি দল এ লীগে অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কয়েকহাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন।
তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি ক্লাবের সভাপতি অ্যাড. ফিরোজ উদ্দিন বলেন, এ প্রিমিয়ার লীগে বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেছেন। আগামীতে এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।
প্রিমিয়ার লীগের ফাইনালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
