
শেখ মামুন : রাজবাড়ী শহরের আইয়ুব হিলটপকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।
রবিবার বিকেলে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, একজন মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য ক্রেতার অভিযোগের ভিত্তিতে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ফ্লোর ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, “মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
