
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পুলিশ সুপার সদর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। সোমবার (১৭ আগস্ট) রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, সেবার মানোন্নয়ন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী সদর থানা বার্ষিক পরিদর্শন করেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা । থানায় পৌঁছালে পুলিশ সুপারকে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ সহ অফিসাররা উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান । পরিদর্শনকালে পুলিশ সুপার রাজবাড়ী সদর থানার মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। থানার গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি-পত্র (রেজিস্টার) পর্যালোচনা করেন এবং কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, ড্রেসকোর্ড ও পেশাদারিত্বের ওপর জোর দেন। সেই সাথে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণ ও দ্রুততম সময়ে আইনি সেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এসময় থানার অফিসার ইনচার্জ’সহ থানার সকল পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
