
স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা পার হলেও দুই প্রতিদ্বন্দ্বীর কেউ তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেননি। এর ফলে দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর আগামী ২০ আগস্ট, বৃহস্পতিবার দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় অতিক্রান্ত হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে বিস্তারিত জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি এ সময় নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ও ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করেন।
এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ চলবে। ভোট শুরুর প্রাক্কালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন উপস্থিত সংসদ সদস্য তথা ভোটারদের ভোট দেওয়ার নিয়মাবলী সম্পর্কে অবহিত করবেন।
সচিব আরও জানান, আজই রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের কাজ সম্পন্ন হবে। প্রতিটি ব্যালট পেপারের দুটি অংশ থাকবেÑমুড়ি অংশ এবং মূল ব্যালট পেপার। মুড়ি অংশে সংসদ সদস্যের নাম, ক্রমিক নম্বর ও বিভক্তি নম্বরসহ যাবতীয় তথ্য থাকবে। ভোটাররা নির্দিষ্ট স্থানে নিজেদের পূর্ণ নাম ও স্বাক্ষর দিয়ে ব্যালট পেপার সংগ্রহ করবেন।
ভোটের প্রক্রিয়া সম্পর্কে আখতার আহমেদ বলেন, “একটা স্পেসে সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট নেবেন। ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো হবে। সেই অনুযায়ী তাঁদের নাম প্রিন্ট করা থাকবে এবং প্রিন্টের পাশে ডান দিকে স্পেস থাকবে, যেখানে সংসদ সদস্যরা তাঁদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর নির্ধারিত ব্যালট বাক্সে তাঁরা ব্যালট পেপার জমা দেবেন। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট পেপার নেওয়া হবে। ৫টার পরে ব্যালট কাউন্ট করা হবে। ব্যালটের রংটা হচ্ছে সাদার ওপর কালো প্রিন্ট।”
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর সংসদকক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করবেন এবং পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।
