
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় রাবেয়া বেগম (২৬) নামে এক নারীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামাল মন্ডল (৪০) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাংশা উপজেলার রুপিয়াট গ্রামের কাওছার মন্ডলের ছেলে।
গত বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে পাংশা উপজেলার স্বর্ণগড়া এলাকার আনসার মাস্টারের মেহগনি বাগানের ভেতর রাবেয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার চোঁখে-মুখে এলোপাতাড়ি কিল-ঘুষির আঘাতের চিহ্ন ছিল। বাম চোঁখের ওপরের অংশ ফুলে যায় এবং সেখান থেকে রক্ত বের হচ্ছিল। নাক দিয়েও রক্তক্ষরণ হচ্ছিল এবং ডান কান কাটা ও রক্তাক্ত জখম ছিল।
এ ঘটনায় নিহত রাবেয়ার বোন রহিমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) পাংশা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি জামাল মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নিহত ওই নারীর সাথে গ্রেপ্তার আসামির প্রেমের সম্পর্ক ছিল। হত্যার কারণ জানা যায়নি। পরে গ্রেপ্তার জামাল মন্ডলকে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
