
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের লক্ষীকোলে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত আবু তালেব আজাদ সবুজ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আবু তালেব আজাদ সবুজ লক্ষীকোল এলাকার বাসিন্দা। তিনি মিজানপুর ইউনিয়নের প্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পল্লী বিদ্যুতের (পিডিবি) সাবেক ঠিকাদার প্রয়াত বছির উদ্দিনের ছোট ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে সবুজ ছিলেন সবার ছোট।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষীকোল গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লক্ষীকোল গ্রামের আমিন আব্দুস সামাদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে সবুজের পরিবারের সদস্যদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পরিবারের লোকজন বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় আমিন সামাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সবুজের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুরে পাঠানোর পরামর্শ দেন। তবে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহতের পরিবারের পক্ষ থেকেও দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হকের নেতৃত্বে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিহত সবুজের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁরা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।
