রাজবাড়ীতে বাড়ছে হাম ও ডেঙ্গু রোগী

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে একদিকে বাড়ছে হামের উপসর্গ, অন্যদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামজনিত উপসর্গ নিয়ে এ পর্যন্ত এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে দানাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা।
এদিকে, গত এক মাসে রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পেতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক রোগী হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ দু-এক ধরনের ওষুধ পেলেও বাকি ওষুধ বাইরে থেকে কিনছেন। আবার কোনো কোনো রোগী একেবারেই ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন।
এ ছাড়া চিকিৎসক সংকটের কারণেও রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের সুবিধা নেই। প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতির সংকটও রয়েছে। ফলে রোগীর অবস্থা কিছুটা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর কিংবা ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রোগী ও স্বজনরা।
স্বজনদের ভাষ্য, ফরিদপুর বা ঢাকায় রোগী নিয়ে যাওয়ায় যাতায়াত, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পেছনে বাড়তি অর্থ ব্যয় হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্যও রোগীদের বাইরে যেতে হচ্ছে। এতে চিকিৎসা ব্যয় বাড়ার পাশাপাশি সময়মতো চিকিৎসা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, হামের টিকাদান কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হামের উপসর্গ ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে
তিনি আরও বলেন, জ্বর, সর্দি-কাশি কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে রোগীকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্বাস্থ্য বিভাগও শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।