oppo_2

ফজলুল হক/রাকিবুল ইসলাম : রাজবাড়ীর কালুখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন, মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম বাদল, মৃগী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব দুলাল মৌলভী, বিএনপি নেতা মোঃ জিল্লুর রহমান ও আক্কাস আলী মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ রেজাউল করিম খাঁন, সাবেক সদস্য মোঃ বজলুর রহমান, শিক্ষক প্রতিনিধি এ কে এম আখিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোছাঃ মরিয়ম, সোহেল রানা তপু, ছাত্র অভিভাবক মোঃ মুরাদ হোসেন, ডা. ফিরোজা পারভিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক নাজিম উদ্দিন খান।
সভায় বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা পালন করলেই হবে না; এক্ষেত্রে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং মানসম্মত শিক্ষার মাধ্যমে ভালো ফলাফল নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
