ঝিনাইদহে সাড়ে ৪ মাস পর সেই আফগান নাগরিকের মরদেহ ফিরছে নিজ দেশে

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঝিনাইদহ প্রতিনিধি: প্রায় সাড়ে চার মাস প্রশাসনিক ও আইনি জটিলতার পর অবশেষে নিজ দেশে ফিরছে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের পর নিহতের লন্ডনপ্রবাসী ভাই ইমাল মোহাম্মদীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মরদেহ উত্তোলনের সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিম উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের ভাই ইমাল মোহাম্মদী মরদেহ গ্রহণ করেন।
জানা যায়, আফগান নাগরিক ইমাল মোহাম্মদীর আবেদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মরদেহ হস্তান্তরের উদ্যোগ নেয় ঝিনাইদহ জেলা প্রশাসন। নির্দেশনা পাওয়ার পর মঙ্গলবার কবর থেকে মরদেহ উত্তোলন করে নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, ‘যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইচ্ছামতী নদী থেকে ভাসমান অবস্থায় হাসমত মোহাম্মদীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। সে সময় মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসমত মোহাম্মদীর ছবি ছড়িয়ে পড়লে তা তার স্বজনদের নজরে আসে। তারা ছবি দেখে মরদেহটি হাসমত মোহাম্মদীর বলে শনাক্ত করেন। এরপর মরদেহটি নিজ দেশে ফিরিয়ে নিতে শুরু হয় দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া। অবশেষে প্রায় সাড়ে চার মাস পর সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় মরদেহটি আফগানিস্তানে নিয়ে যাওয়ার পথ তৈরি হয়েছে।