
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালন এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় মাদক বিষয়ে তিনি বলেন, মাদক কারবারিদের প্রধান টার্গেক থাকে তরুণ প্রজন্মের দিকে। তাই তরুণ প্রজন্মকে এই বিষয়ে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি এটা সমাজ থেকে নির্মূল করতে বিশেষ ভূমিকা পালন করতে হবে। তাছাড়া মাদক বন্ধ করতে প্রথমে সেবন কারীদের মাদক থেকে দূরে রাখার পরামর্শ দেন তিনি। মাদক বিক্রি করতে না পারলে মাদক একাই কমে যাবে। তাছাড়া মাদক সেবনজারী বা মাদক ব্যাবসায়ীদের নিরুৎসাহিত করতে তিনি প্রথমে তাদেরকে সচেতন করতে বলেন, এরপর তাদেরকে সতর্ক করতে হবে এটায় কাজ না হলে তাদের সাথে সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দেন। কোন কিছুতেই কাজ না হলে প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান। কিন্তু বর্তমানে প্রথমেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হচ্ছে এতে ভালো ফল পাওয়া যাচ্ছে না বলে জানান।
ওসি আরও বলেন, মাদক এখন আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। তোমাদের মাধ্যমেই আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। তাই নিজেদের ভবিষ্যৎ গড়তে সঠিক পথে থাকতে হবে এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করতে হবে।
উন্মুক্ত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, এম আবদুল বাতেন নোমান, মোঃ আব্দুল্লাহ মাসুম, মেজবাহ উদ্দন প্রমূখ।
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরে। তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানিয়ে ওসির এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীমহল ও অভিভাবকরা।
এ বিষয়ে থানা গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ সফিকুল ইসলাম বলেন, ‘তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।
গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, এধরণের সচেতন মুলক অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা উপকৃত হওয়ার পাশাপাশি সচেতন হয়। বিশেষ করে ইভটিজিং ও মাদক বিষয়ে তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়।
