

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের কাপড় বাজারে এক নারী উদ্যোক্তাকে শারীরিকভাবে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে।
গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের রাজবাড়ীর বাসভবনে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা নায়ার সুলতানা, জেলা কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন স্মৃতি, সংস্কৃতি সম্পাদক কানিজ ফাতেমা বেবি শিখা, সমাজকল্যাণ সম্পাদক হুসনে নাহিদ পিয়া, জেলা কমিটির সদস্য কৃষ্ণা সাহা।
মানববন্ধনে জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি শাহিনা সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, জেলা কমিটির সদস্য কৃষ্ণা সাহা, নাজমা বেগম প্রমুখ।
মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, রাজবাড়ীর কাপড় বাজারে এক নারীকে শারীরিকভাবে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগটি অত্যন্ত উদ্বেগজনক। নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। মানববন্ধনে নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি আশা করেন না।
