বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি জানিয়েছেন যে, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সাংবাদিকরা যেন কোনো প্রকার ভয়ভীতি বা বাধা ছাড়াই তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে আয়োজিত এক সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের পেশাগত কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ এছাড়া তিনি অপসাংবাদিকতা ও ‘হলুদ সাংবাদিকতা’ রোধ করে পেশাগত উচ্চমান বজায় রাখতে প্রেস কাউন্সিলের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। হাওর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য পৃথক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের দাবির প্রেক্ষিতে তিনি জানান যে, বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং শীঘ্রই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কেবল জিপিএ-৫ বা ভালো ফলাফলই যথেষ্ট নয় বরং নৈতিকতা ও মানবিক গুণসম্পন্ন আদর্শ নাগরিক হওয়া জরুরি। দেশ ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে তরুণ সমাজকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলাধুলার মাঠ আধুনিকায়ন এবং আধুনিক ভাষা শিক্ষার জন্য বিশেষ টেলিভিশন ও অনলাইন কার্যক্রম চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলিলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রাণবন্ত আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।