মাদকমুক্ত বহরপুর গড়ার প্রত্যয়ে তরুণদের মাঝে চেয়ারম্যান প্রার্থী আশিকের ফুটবল বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

মোঃ আমিরুল হক : ‘মাদককে না বলুন, ক্রীড়াকে আঁকড়ে ধরুন’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের পাটুরিয়া গ্রামের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমেদ আশিক। ফুটবল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় ফরিদ আহমেদ আশিক বলেন, বহরপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি।
তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।