বালিয়াকান্দিতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজন

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী এবং শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৭তম আবির্ভাব দিবস। এ উপলক্ষে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটি।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০টায় বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। পরে রাত ৯টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৭তম আবির্ভাব দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে। সকাল ৮টায় পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে পূজা, পুষ্পাঞ্জলি, বাল্যভোগ ও প্রসাদ বিতরণ।
দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। এতে পরিচালনার দায়িত্বে থাকবে নির্মল সাংস্কৃতিক একাডেমি, বালিয়াকান্দি, রাজবাড়ী।
এ ছাড়া দুপুর ২টায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা এবং লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। এতে পরিবেশনা করবেন শ্রীমৎ ১০৮ অসীম কৃষ্ণদাস বাবাজি মহারাজ, শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রম, খামারপাড়া, শ্রীপুর, মাগুরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জীব ও জগতের মঙ্গল কামনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের সবান্ধব উপস্থিতি এবং প্রসাদ গ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা। বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দে, কোষাধ্যক্ষ বিপ্লব ভৌমিক ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কর অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।