
স্টাফ রিপোর্টার : শিক্ষার মানউন্নয়নে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীন ৬টি নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনা সকলকে মেনে চলতে বলা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে এ নির্দেশনা প্রতিপালন করতে প্রতিষ্ঠান প্রধানরা পত্র ইস্যু করেছেন।
নির্দেশনা সমূহ হলো ঃ ১. সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রাইভেট, কোচিং বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে কেহ প্রাইভেট পড়তে ও পড়াতে পারবে না। ২. শ্রেণি কক্ষে ৭৫% উপস্থিতি না থাকলে নির্বাচনী, বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হবে না। ৩. বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে পাশ না করলে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়া হবে না। ৪. নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে পাশ না করলে পাবলিক পরীক্ষায় (এসএসসি ও এইচএসসি পরীক্ষায়) অংশ গ্রহণ করা যাবে না। ৫. নিয়মিত ইনকোর্স পরীক্ষা নিতে হবে। ইনকোর্স পরীক্ষায় অংশ গ্রহণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক, এ পরীক্ষার নম্বর সমন্বয় করে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ৬. কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানে স্মার্ট মোবাইল ফোন বহন ও ব্যবহার করতে পারবে না। কোন শিক্ষার্থী প্রতিষ্ঠান চলাকালীন সময়ে স্মার্ট ফোন সংগে রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপরোক্ত নির্দেশ সমূহ পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
