বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ভার্চ্যুয়ালী এ অভিযানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার স্কাউট দলের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানকালে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ ও প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে উপজেলা অডিটরিয়ামের পাশেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।