
রুবেলুর রহমান : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজবাড়ীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, সদস্য আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান রনি, কাজী আরাফাত হাসান জিসান, মোঃ আলিমুজ্জামান, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান সহ রেড ক্রিসেন্ট ও যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে আবর্জনা পরিস্কারের সময় ওয়ার্ডের পাশে দীর্ঘ দিনের দূর্গন্ধযুক্ত নোংরা জলাবদ্ধতা দেখে ক্ষোভ প্রকাশ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া।
পরে তিনি নিজে দূর্গন্ধযুক্ত নোংরা পরিস্কার করেন। আগামী এক সপ্তাহের মধ্যে নোংরা সম্পূর্ণ পরিস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হাসপাতাল তত্ত্বাবধায়ককে বিষয়টি অবগত করেন।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর স্বল্পতা রয়েছে। তারপরও চেষ্টা করছেন পরিস্কার পবিচ্ছন্নতা করতে।
এদিকে পর্যায়ক্রমে জেলার উপজেলা হাসপাতাল সহ খাল, ডোবা-নালায় পরিস্কার পরিচ্ছন্নতা করবেন বলে জানান জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট।
রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, একটা হাসপাতালে স্যানেটারি ক্লিন হবে না, এটা দুঃখজনক। লোকবল কম থাকলে প্রয়োজনে লোক নিয়ে হলেও এ ক্লিন করা দরকার। ওয়ার্ডের পাশে দূর্গন্ধ ও নোংরা, যা হাসপাতালের লোকজনের করা উচিত। সেটা রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি করলো। এ হাসপাতালে নোংরা ও আবর্জনায় ভরা, এ নিয়ে অনেক কথা হয়। বর্তমানে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নানা কর্মসূচি গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা কার্মক্রম শুরু করেছে। এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এ বিষয়টি আমার জানা আছে এবং পরিস্কার করতেও বলা হয়েছে। তাছাড়া আমার পরিচ্ছন্নতাকর্মীর স্বল্পতা রয়েছে, ৬ জনের মধ্যে আছে তিন জন। হাসপাতালের তুলনায় খ্বুই কম। তারপরও সবাই মিলে চেষ্টা করি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে।
